সংবাদ শিরোনাম

খুলনা-২ আসনে ভোট দিলেন নজরুল ইসলাম মঞ্জু

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনা-২ আসনে ভোট দিলেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা ব্যুরো :

খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার আগে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচির মরদেহ পরিদর্শন করেন।

ভোট প্রদান শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া গণতান্ত্রিক অভিযাত্রার চূড়ান্ত পর্ব। তবে খুলনায় নির্বাচন শুরুর দিনেই বিষাদের ছায়া নেমে এসেছে বলে তিনি মন্তব্য করেন। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সংঘটিত ঘটনায় মহিবুজ্জামান কচির মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি সংশ্লিষ্ট প্রিন্সিপাল ও সহযোগীদের গ্রেপ্তার এবং ঘটনার পেছনে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান, যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনায় বিএনপির শক্ত অবস্থান রয়েছে এবং ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।