খালিশপুরে প্রধান শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন   |   খুলনা

খালিশপুরে প্রধান শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর চরেরহাট এলাকায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামকে লাঞ্ছিত ও মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়ে ঘটনার প্রতিবাদ জানায়।

অভিযোগ করা হয়, খুলনা সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ মোসাদ্দেক হোসেন বাবুল প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধর করেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, তিনি কোনো সংঘাত চান না এবং শান্তিপূর্ণভাবে ঘটনার সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

নয়াবাটি হাজী শরীয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement