সংবাদ শিরোনাম

জ্বালানি তেলের নতুন দাম আজ নির্ধারণ হবে

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন   |   জাতীয়

জ্বালানি তেলের নতুন দাম আজ নির্ধারণ হবে

আবু তৈয়ব তাইফুর রহমান

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসের মতো আজ মঙ্গলবার (৩১ মার্চ) দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

জ্বালানি সংকটের  কোনো আশঙ্কা নেই জানিয়ে মুখপাত্র বলেন, ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া আসন্ন এপ্রিল মাসের চাহিদা মেটাতে আরও ১.৫ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে আগামী দিনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।

তিনি আরও উল্লেখ করেন যে, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার অনেকটা কম, যা ব্যবস্থাপনাকে সহজ করছে।

জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল। এই বিপুল পরিমাণ ডিজেল মূলত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।