ঢাকা শহরের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার করতে হবে - ডিএনসিসি প্রশাসক
ডেক্স নিউজ, ঢাকা, ১৬ চৈত্র, ৩০ মার্চ:
ঢাকা উত্তর
সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা শহরের মশক
নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার করতে হবে। এ বিষয়ে তিনি মশককর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা
ও কমিটমেন্ট নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।
আজ
ঢাকায় নগর ভবনে ডিএনসিসি’র স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম)
ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
প্রশাসক
আরো বলেন, তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক জ্ঞানের ওপর অধিক গুরুত্ব দিতে হবে।
মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, আমাদের দৃঢ় কমিটমেন্ট থাকতে হবে
এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা শতভাগ সফল না হলেও আন্তরিকভাবে চেষ্টা করলে
কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন,
আগামীতে আমরা কীভাবে মশা নিয়ন্ত্রণ করতে পারবো, তা অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের কাজের
ওপর নির্ভর করছে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিবিড়ভাবে সম্পর্কিত
উল্লেখ করে তিনি বলেন, ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও জোরদারভাবে বাস্তবায়ন
করছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নগরবাসীকে কিছুটা হলেও স্বস্তি
দেওয়া সম্ভব হবে। এ কাজে নিয়োজিতদের মধ্যে যাদের পারফরম্যান্স ভালো থাকবে, তাদের সিটি
কর্পোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে তিনি ঘোষণা দেন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস
চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। উদ্বোধন অনুষ্ঠানে
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
ডা. বেনজীর আহমেদসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ এবং প্রতিটি ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ মোট ৮২ জন অংশগ্রহণ করছেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।