সংবাদ শিরোনাম

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবে বাংলাদেশিরা; শীঘ্রই সমঝোতা স্মারক

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন   |   জাতীয়

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবে বাংলাদেশিরা; শীঘ্রই সমঝোতা স্মারক

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ):

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে আজ ঢাকায় তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদল জাপানের ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ আগ্রহ প্রকাশ করে। তারা জাপানিজ মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানায়, জাপানে পড়াশোনা বা কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিরা সেদেশের ভাষা ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে, যা তাদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করবে। এসময় সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

জাপানি প্রতিনিধিদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশজুড়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত চমৎকার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা এই অবকাঠামোসমূহ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ ও যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।