সংবাদ শিরোনাম

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষ্যে সরকার কর্তৃক জাতীয় কর্মসূচি গৃহীত

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন   |   জাতীয়

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষ্যে সরকার কর্তৃক জাতীয় কর্মসূচি গৃহীত

ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ): 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কর্মসূচিসমূহ চূড়ান্ত করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও নববর্ষ 

উদ্যাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিস্তৃত আয়োজন গ্রহণ করা হয়েছে। 

কর্মসূচিসমূহ হলো: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীবর্গের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন; ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান; সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ; সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের অনুষ্ঠান সম্প্রচার এবং বিশেষ অনুষ্ঠানমালা প্রচার; জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখী র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজন; বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠান আয়োজন; সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন; শিশু একাডেমির মাধ্যমে শিশুদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম; বিসিক ও সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে বৈশাখী মেলা আয়োজন; কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান; আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন; জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান।

সভায় জানানো হয়, সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সকল নাগরিককে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।