চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ মার্চ ২০২৬ তারিখে রাত প্রায় ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোয়নাপাড়া গ্রামে একটি আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আম বাগানের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুড়া পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল পৃথক পলিথিনে রাখা কালো, সাদা ও ধূসর রঙের গান পাউডার সদৃশ পদার্থ, প্লাস্টিকের বস্তা, টেপ, তার, কাঁচের বোতলসহ বিস্ফোরক তৈরির উপকরণ। ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।
তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।