সংবাদ শিরোনাম

সারাদেশে ২ লাখ লিটার তেল উদ্ধার, সরবরাহ স্বাভাবিক

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন   |   জাতীয়

সারাদেশে ২ লাখ লিটার তেল উদ্ধার, সরবরাহ স্বাভাবিক

প্রতিদিনের দেশ রিপোর্ট :

সারাদেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতার কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। তবে চাহিদার তুলনায় দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

মনির হোসেন চৌধুরী জানান, দেশে বড় আকারে জ্বালানি তেলের মজুতদারি করা হচ্ছে, যা পরিস্থিতিকে জটিল করছে। সরকারের আমদানির পরিকল্পনায় ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো তেল আসছে, পাশাপাশি রাশিয়া থেকে ৬ লাখ টন তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের চিঠি পাঠানো হয়েছে।

বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসে আরও ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন তেল পৌঁছাবে। এপ্রিলে তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।