সংবাদ শিরোনাম

দুদকের মামলায় জামিন বাতিল; কারাগারে সাবেক বিআরটিএ সহকারী পরিচালক

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন   |   খুলনা

দুদকের মামলায় জামিন বাতিল; কারাগারে সাবেক বিআরটিএ সহকারী পরিচালক

প্রতিদিনের দেশ রিপোর্ট :

দুর্নীতির অভিযোগে বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ-আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বলা হয়, দায়িত্বে থাকার সময় তিনি বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর বিআরটিএ অফিসে মোট প্রায় দুই হাজার পাঁচশ’ বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন অনুমোদন দেন। এর মধ্যে বরিশাল অফিসে ৩৪৪টি, ঝালকাঠিতে ৯৩৩টি এবং পিরোজপুরে ১০৮১টি যানবাহনের অবৈধ রেজিস্ট্রেশন দেওয়ার তথ্য উঠে এসেছে।

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, গত আট বছরে বিভিন্ন বিআরটিএ অফিসে দায়িত্ব পালনকালে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএ অফিসে কর্মরত থাকাকালে তিনি এসব অনিয়মে জড়ান বলে অভিযোগ।

এছাড়া বরিশাল বিআরটিএতে ২০২২ সালে যোগদানের পর মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে অন্তত ২৫৫টি অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশন অনুমোদন দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত চলাকালীন সময়েই তিনি নতুন করে আরও ৮৯টি ভুয়া রেজিস্ট্রেশন প্রদান করেন।

দুদকের মামলায় দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে থাকলেও স্থায়ী জামিন না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানো হয়।