বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক অস্ত্র উদ্ধার সহ আটক ৩
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় এক মাদক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসিচর এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামারসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মাদক ব্যবসায়ী মো. জুয়েল হাওলাদার কালা (৩২), তাঁর স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মো. হোসেন ঢালী (৩৩)। পরে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থার জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।