মানবিক বিবেচনায় সাদ্দামকে ছয় মাসের জামিন
খুলনা ব্যুরো :
স্ত্রী ও মাত্র ৯ মাস বয়সী শিশুসন্তানকে হারানোর মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে মানবিক দিক বিবেচনায় নিয়ে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক জীবনে নেমে আসা চরম বিপর্যয়ের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তাকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থানে তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহও পাওয়া যায়।
এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয় সাদ্দামকে। উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন