কাস্টমস-বাণিজ্য সহযোগিতায় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব
খুলনা ব্যুরো :
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি (সোমবার) খুলনার হোটেল সিটি ইন-এ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আহরণেই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের টেকসই উন্নয়নের জন্য আইন অনুযায়ী রাজস্ব প্রদান অপরিহার্য।
প্রধান অতিথি আরও বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে একটি স্বচ্ছ ও শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব। সেবা প্রত্যাশীদের আস্থা রক্ষায় কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এবং খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোহা. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। সেমিনারে সি অ্যান্ড এফ প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক ও সংশ্লিষ্ট পেশাজীবীরাও বক্তব্য দেন।
সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সি অ্যান্ড এফ ও শিপিং এজেন্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।