সংবাদ শিরোনাম

সৌচাগার থে‌কে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন   |   খুলনা

সৌচাগার থে‌কে  গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির সৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মুসলিমা খাতুন সীমা ওই গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। তিনি যাত্রাপুর বাজারে একটি মুদিদোকান পরিচালনা করেন। দম্পতির ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে সীমা রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। সাড়ে ১২টার দিকে সৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় তার কন্যাসন্তান দাদাকে খবর দেয়। পরে দাদা সৌচাগারের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় পুত্রবধূকে পড়ে থাকতে দেখেন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।