সংবাদ শিরোনাম

অনুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ৯ ভারতীয় কর্মকর্তা

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন   |   খুলনা

অনুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ৯ ভারতীয় কর্মকর্তা

খুলনা ব্যুরো :

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই নয়জন ভারতীয় কর্মকর্তা দেশ ত্যাগ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

তিনি জানান, শনিবার সকালে ডাইনিং টেবিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত না পেয়ে খোঁজখবর নেওয়া হয়। একপর্যায়ে জানা যায়, তারা কাউকে না জানিয়ে প্ল্যান্ট এলাকা ত্যাগ করেন এবং একই দিন দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন।

পরে বিষয়টি প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ ছাড়ার কথা জানান। তবে বিদ্যুৎকেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ ধরনের পদক্ষেপকে রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ। এছাড়া যাওয়ার আগে তারা কখনো নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ জানাননি বলেও উল্লেখ করা হয়।

দেশ ত্যাগকারী কর্মকর্তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)-এর কর্মকর্তা হিসেবে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে কর্মরত ছিলেন।

এ বিষয়ে আনোয়ারুল আজিম বলেন, “অনুমতি ছাড়া এভাবে দেশ ত্যাগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা হঠাৎ চলে গেলেন, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”