সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।
শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটসংলগ্ন শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ভেজাল সারের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের অভিযানে ভেজাল সার জব্দ হলেও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করতে হামলার ঘটনা ঘটেছে, যা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।
তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটায় ভেজাল সার উৎপাদনের অনুসন্ধান করতে গিয়ে আকরামুল ইসলাম ও তার সহকর্মীরা হামলার শিকার হন। এ সময় ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়।
বক্তারা আরও বলেন, ভেজাল সার উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং ভেজাল সার উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা