সংবাদ শিরোনাম

জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন   |   খুলনা

জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

যশোর থেকে শুরু হওয়া এক মানবিক বিপ্লবের পথিকৃৎ, সমাজসেবক ও ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আমাদের মাঝে নেই। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নকর্মী ও সুধীসমাজের মধ্যে গভীর শোক নেমে এসেছে। যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর বিদায়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

১৯৭৫ সালে একদল সমাজসচেতন তরুণকে নিয়ে যশোর থেকে ‘জাগরণী চক্র’ শুরু করেছিলেন আরজু। তাঁর দূরদর্শী নেতৃত্বে এটি দেশের অন্যতম বৃহৎ ও সফল এনজিওতে পরিণত হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, ক্ষুদ্রঋণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর উদ্ভাবনী মডেল আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

সাধারণ জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা ও মায়াময়ী। কর্মদক্ষতা, মানবিক সেবা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে যশোরে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল।

বাংলাদেশের উন্নয়ন খাত আজ এক বিশাল ক্ষতি বোধ করছে। তাঁর আদর্শ ও মানবিক সেবার প্রেরণা চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবে।