নির্বাচনী সচেতনতায় বাংলাদেশ বেতার খুলনার কমিউনিটি ব্রডকাস্ট
খুলনা ব্যুরো :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট আজ ২১ জানুয়ারি (বুধবার) নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—একটি জাতীয় সংসদ নির্বাচন, অপরটি গণভোট। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণ পরিচিত হলেও গণভোট সম্পর্কে অনেকেরই পরিষ্কার ধারণা নেই, কারণ এটি নিয়মিত আয়োজন নয়। গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি অপশন থাকে।
প্রধান অতিথি বলেন, প্রত্যেক ভোটারের ভোট প্রদান সাংবিধানিক অধিকার। গত ১৬ বছরে দেশ, গণতন্ত্র, জনগণ ও আইনের শাসনের অবস্থা পর্যালোচনা করে ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে কয়েকটি পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’—যেকোনো একটি অপশন নির্বাচন করবেন। দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি জনগণের হাতেই রয়েছে।
তিনি আরও বলেন, ‘না’ ভোটের অপশনে গেলে কিছুই পাওয়া যাবে না, আর ‘হ্যাঁ’ ভোট দিলে উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা এগিয়ে যাবে। দেশকে সামনে এগিয়ে নিতে হলে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ৫৫৮ কিলোহার্জ, এফএম ৮৮.৮ মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে সম্প্রচার করা হয়।