সংবাদ শিরোনাম

খুবিতে ফ্যাক্টচেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন   |   খুলনা

খুবিতে ফ্যাক্টচেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো:

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর উদ্যোগে ‘ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) রিজিওনাল মিডিয়া সাপোর্ট ফান্ডের সহযোগিতায় বুধবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নৈতিক পেশা, যেখানে সত্যনিষ্ঠা সর্বোচ্চ গুরুত্ব বহন করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে তথ্য যাচাই ও ফ্যাক্টচেকিং সাংবাদিকদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যৎ পেশাদার সাংবাদিক তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক সাংবাদিকতার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তিনি বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে সঠিক ফ্যাক্টচেকিংয়ের ওপর। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিস্তার রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুবিসাসের উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে ‘দ্য ডিসেন্ট’-এর ডিজিটাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার হাসান আল মানজুর ‘ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ বিষয়ে আলোচনা করেন।

খুবিসাসের সভাপতি আলকামা রমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। কর্মশালায় খুবিসাসের সদস্যসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।