মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ২১ জানুয়ারি (বুধবার) দুপুরে খুলনা বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম। তিনি বলেন, মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যার বিস্তার নারী-পুরুষ নির্বিশেষে দিন দিন বেড়েই চলেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমেই এই ব্যাধি নির্মূল করা সম্ভব। প্রকৃত শিক্ষিত ব্যক্তি সেই, যিনি মাদকাসক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন।
তিনি আরও বলেন, আধুনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহারও মাদকের মতোই ক্ষতিকর। এতে কোমলমতি শিক্ষার্থীরা ধীরে ধীরে মানসিক ও সৃজনশীল চর্চা থেকে বিচ্যুত হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের মনন, মেধা ও আচরণে শিক্ষার ছাপ থাকলেই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, শিশু ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোছাঃ বিউটি কুইন এবং হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। সভায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।