সংবাদ শিরোনাম

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে, জনগণই রাষ্ট্রের মালিক - খাদ্য ও ভূমি উপদেষ্টা

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন   |   খুলনা

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে, জনগণই রাষ্ট্রের মালিক - খাদ্য ও ভূমি উপদেষ্টা

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনার জন্য ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতেই ন্যস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন—একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে খুলনা নগরীর শহিদ হাদিস পার্কে গণভোট বিষয়ে আয়োজিত জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনস্বীকার্য। প্রচলিত ধারার বাইরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উদ্দেশ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব সমন্বয় করে প্রণীত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটারদের জন্য উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।