সংবাদ শিরোনাম

নড়াইলে হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৮

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন   |   খুলনা

নড়াইলে হাজিরা দিতে  যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায়  আহত ৮

খুলনা ব্যুরো :

নড়াইল সদর উপজেলার চুনখোলা মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সিংগা ও বড়গাতী গ্রামের কয়েকজন ব্যক্তি সকালে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। চুনখোলা মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন সিংগা গ্রামের সানোয়ার মোল্যা ও শহিদুল মোল্যা এবং বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। আহতরা সবাই একই পক্ষের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও হাড়ভাঙার জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।