সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ আটক ৩ শিকারী
খুলনা ব্যুরো :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বন্যপ্রাণী নিধন প্রতিরোধে বন বিভাগের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হরিণ শিকারের ফাঁদসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরার সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
বন বিভাগ জানায়, কাঁকড়া ধরার নিষিদ্ধ সময়ে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকারের উদ্দেশ্যে দড়ির তৈরি ফাঁদ পেতে রেখেছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কোবাদক স্টেশনের কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ফরেস্টার কামাল হোসেনসহ টহল দল তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন—কয়রা উপজেলার গোলখালী গ্রামের গনি মোড়লের ছেলে এনামুল, আলাউদ্দিন ঢালীর ছেলে মেহেদী হাসান এবং গনি মোড়লের ছেলে আনারুল ইসলাম। অভিযানে একটি ডিঙ্গি নৌকা, কাঁকড়া ধরার নিষিদ্ধ আটন এবং হরিণ শিকারের জন্য ব্যবহৃত একাধিক ফাঁদ জব্দ করা হয়।
সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, “সংরক্ষিত সুন্দরবনে প্রবেশ ও বন্যপ্রাণী শিকারের প্রস্তুতি নেওয়া গুরুতর অপরাধ। বন আইনে মামলা দায়ের করে আসামিদের কয়রা বন আদালতে সোপর্দ করা হয়েছে।”
বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অপরাধ দমনে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।