খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ২
খুলনা ব্যুরো :
খুলনার বাগমারায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অস্ত্র,গোলাবারুদ ও মাদকসহ ২ যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টায় বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।কোস্ট গার্ড জানায়, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।#