চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাদাম বিক্রেতার ২ পা বিচ্ছি
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রবিউল ইসলাম (৫০) নামে এক বাদাম বিক্রেতার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী লোকাল মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার পোড়াদহ এলাকার মেছের আলীর ছেলে। তিনি ট্রেনের ভেতরে বাদাম বিক্রি করতেন। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত অবস্থায় নামতে গেলে তার পরনের লুঙ্গি ট্রেনের হুকে আটকে যায়। এতে তিনি ছিটকে পড়ে ট্রেনের চাকার নিচে পড়েন।
স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় রেফার্ড করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।