ডিজিটাল সিকিউরিটির নামে সাংবাদিককে গ্রেপ্তার নয় ; জেলা প্রশাসক
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
ডিজিটাল সিকিউরিটির নামে কোনো সাংবাদিককে আর জেলে দেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউজে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসনের ওপর থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং নিয়মের বাইরে কোনো কাজ করা হয়নি। খুলনার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচন পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক উল্লেখ করে তিনি জানান, প্রার্থীরাও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, নির্বাচনকালে ভুয়া তথ্য ও ডিজঅপতথ্য বড় হুমকি। এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
কর্মশালায় খুলনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে পিআইবি ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।