সংবাদ শিরোনাম

স্কুল শিক্ষকদের মারামারি ও ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন   |   খুলনা

স্কুল শিক্ষকদের মারামারি ও ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

খুলনা ব্যুরো :

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারি ও বিদ্যালয়ের জিনিসপত্র ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটির পর ক্লাস রুটিন নির্ধারণকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু মুছা, সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আলী মোল্যা এবং ক্রীড়া শিক্ষক আবুল হোসেনের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের এমন আচরণ শিক্ষাঙ্গনের পরিবেশ ও তাদের মানসিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।