কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা চেক প্রদান
খুলনা ব্যুরো :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
দুটি জেলায় মোট ৭০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়। এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়।
মেহেরপুর জেলায় ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক ও যুগ্ম সচিব রুবায়েত আশিক, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, বিআরটিএ খুলনার পরিচালক মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।