উসকানিমূলক বক্তব্যের অভিযোগে চুয়াডাঙ্গা - ২ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
খুলনা ব্যুরো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
অভিযোগে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি একটি দলীয় কর্মশালায় তিনি সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন এবং কর্মীদের ‘বাঁশের লাঠি’ ব্যবহারে উৎসাহ দেন। এ বিষয়ে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছে কমিটি। নোটিশে এ বক্তব্যকে নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৫ ও ১৬ নম্বর বিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে মো. রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল ভোট চুরি প্রতিরোধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া।
নোটিশ অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে নির্বাচন কমিশনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।