সাংবাদিক নেতা শাওনের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
খুলনা ব্যুরো :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলী (৭৫)-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার জুমাবাদ রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লি অংশ নেন। পরে মরহুমের নিজ বাসভবনেও পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন কেডিএ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসাইন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এম ইয়াকুব আলী ইন্তেকাল করেন।