সংবাদ শিরোনাম

খুলনায় নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)-এর শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)-এর শুভ উদ্বোধন

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি খুলনায় নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)-এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, শিক্ষাবিদ, পর্যটন ও হসপিটালিটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিহম খুলনা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে খান জাহান আলী সেতু (রূপসা সেতু)-সংলগ্ন লবণচরা এলাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ‘স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর প্রাঙ্গণে মনোরম পরিবেশে গড়ে ওঠা একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। নৌ কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি National Skill Development Authority (NSDA)-এর নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে।

হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতে নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের উপযোগী করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ সৃষ্টি করাই নিহম-এর মূল লক্ষ্য। উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিতে NSDA অনুমোদিত বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মান নিশ্চিত করতে রয়েছে দক্ষ প্রশিক্ষক ও শেফ, আধুনিক অবকাঠামো, উন্নতমানের ক্লাসরুম, সুসজ্জিত কিচেন এবং আবাসন সুবিধা। পাশাপাশি নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধাসহ পৃথক স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নিহম ভবিষ্যতে কোর্স সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রয়েছে।