সংবাদ শিরোনাম

কুষ্টিয়ায় চুরির অভিযোগে মারধরে ট্রাকচালকের মৃত্যু

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন   |   খুলনা

কুষ্টিয়ায় চুরির অভিযোগে মারধরে ট্রাকচালকের মৃত্যু

খুলনা ব্যুরো :

কুষ্টিয়ায় চুরির অভিযোগে প্রতিবেশীদের মারধরে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে শহরের জিকে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম জিকে এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী রিপন হোসেনের বাড়িতে চুরির একটি ঘটনায় মনিরুল ইসলামকে সন্দেহ করা হয়। এরপর থেকে রিপন হোসেন, ইমরান, মনিসহ কয়েকজন যুবক তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

স্বজনদের দাবি, শুক্রবার গভীর রাতে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।