খুলনায় নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এলসিটি–১০১ এর লঞ্চিং অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
নৌবাহিনীর আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) কর্তৃক ০৩টি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত এলসিটি–১০১ এর লঞ্চিং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকূলীয় অঞ্চলে সেনা ও নৌবাহিনীর সমন্বিত এফিবিয়াস অপারেশনে ট্যাংক, আর্টিলারি ও এপিসিসহ ভারী সামরিক সরঞ্জাম পরিবহণে এসব এলসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শান্তিকালে দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং উদ্ধার অভিযানে এ জাহাজগুলো কার্যকর সহায়ক হিসেবে ব্যবহৃত হবে। এ প্রয়োজনের প্রেক্ষিতে নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নিজস্ব সক্ষমতায় এবং কানাডার ভার্ড মেরিন ডিজাইন-এর প্রযুক্তিগত সহায়তায় এলসিটিগুলো নির্মাণ করা হচ্ছে।
প্রতিটি এলসিটি একযোগে ৬টি ট্যাংক অথবা ১২টি এপিসি কিংবা ১৮টি সামরিক যান পরিবহণে সক্ষম। এসব জাহাজ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতির এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
রূপসা নদীর তীরে অবস্থিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৯ সালে আর্থিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আসার মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে খুশিলি আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্যিক ও যুদ্ধজাহাজ নির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত।
জাহাজ নির্মাণের পাশাপাশি বিভিন্ন জাতীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উৎপাদন প্রক্রিয়ায় ISO নির্দেশনা অনুসরণসহ আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি অনুমোদিত BV, DNV-GL, NKK, CCS, LR, RINA ও ABS-এর তত্ত্বাবধানে গুণগতমান নিশ্চিত করা হয়। প্রায় ৭০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার, বছরে ৩,০০০ টন স্টিলওয়ার্ক সক্ষমতা এবং আট শতাধিক জলযান নির্মাণের অভিজ্ঞতার মাধ্যমে খুশিলি আজ বাংলাদেশের শিল্প খাতে একটি শক্তিশালী ও অনুসরণযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে।
এছাড়াও, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং সবুজায়নের মাধ্যমে একটি ইকো-ফ্রেন্ডলি শিল্প প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি লাভ করে খুশিলি।