সংবাদ শিরোনাম

বাগেরহাটে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা

খুলনা ব্যুরো :

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু হয়েছে বাগেরহাটে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গাড়িটি জেলার মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছে নির্বাচন বিষয়ক প্রচার কার্যক্রম চালায়।

দুপুরে স্থানীয় জনগণের মাঝে গণভোট, সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, এই প্রচারণা কোনো প্রার্থীর পক্ষে নয়; বরং যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের বিষয়ে মানুষকে সচেতন করাই এর উদ্দেশ্য।

প্রচার চলাকালে গাড়িতে থাকা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে অতীতের গণতান্ত্রিক সংকট, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার বিষয়গুলো তুলে ধরা হয়।

সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে গণযোগাযোগ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অংশ নিচ্ছে।

এ সময় গণযোগাযোগ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশ্মিতা সাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিকেলে গাওলা ও কোদালিয়া ইউনিয়নে একই ধরনের প্রচারণা চালানো হয়। শনিবার (১৭ জানুয়ারি) ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম চলবে।