সংবাদ শিরোনাম

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

খুলনা ব্যুরো :

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে দর্শনার্থীদের ভোগান্তি কমানো এবং সময় সাশ্রয়ের লক্ষ্যে ই-টিকিটিং সেবা চালু করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ষাটগম্বুজ মসজিদের প্রধান ফটকে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট জাদুঘরের কাস্টুডিয়ান মো. জাহেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ই-টিকিটিং সেবা চালুর ফলে দর্শনার্থীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। এটি পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, বাগেরহাটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর স্থাপত্যশৈলী অনুসরণ করে নতুন স্থাপনা নির্মাণ করা গেলে জেলার পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি উল্লেখ করেন, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আরও আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও বাগেরহাট নতুনভাবে পরিচিতি পাবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, বিশ্ব ঐতিহ্য এসব স্থাপনাকে আরও দর্শনার্থীবান্ধব করতে সরকার কাজ করছে। ই-টিকিটিং সেবার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান বাড়বে। এর ফলে প্রতি বছর দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।