কুয়েটে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বি.আর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এবারের ভর্তি পরীক্ষা কুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুইটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উপস্থিতির হার ছিল ৮৯.৩৫ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভর্তি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সকল কমিটি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বুয়েটের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১,০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সংরক্ষিত (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য জেলা) কোটায় ৫টি আসন রাখা হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) ভর্তি পরীক্ষার মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ও পরবর্তী ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট admission.kuet.ac.bd-এ। প্রয়োজনে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।