সংবাদ শিরোনাম

খুলনায় শিক্ষা সপ্তাহের বিভাগীয় প্রতিযোগিতার উদ্বোধন

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় শিক্ষা সপ্তাহের বিভাগীয় প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা ব্যুরো :

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান ১৫ জানুয়ারি  বৃহস্পতিবার সকালে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি, সৃজনশীলতা ও মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মনন ও প্রতিভার পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, এ আয়োজন সফল করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের নীরব ও নিরলস অবদান রয়েছে, যা অনস্বীকার্য।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস. এম. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল আয়োজিত এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী দিনব্যাপী ১৯টি ইভেন্টে অংশ নেয়।