নাগরিক শোক সভায় খালেদা জিয়াকে ‘এশিয়ার নেলসন ম্যান্ডেলা’ আখ্যা
খুলনা ব্যুরো :
খুলনায় আয়োজিত এক নাগরিক শোকসভায় বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘এশিয়ার নেলসন ম্যান্ডেলা’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে তার আপোষহীন রাজনৈতিক অবস্থান দেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত হয়ে আছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে আপোষহীন জাতীয় নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি বলেন, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলনে বিএনপিকে সংগঠিত করা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক। সার্ককে কার্যকর ও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতেও তার অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশের সর্বত্র দোয়া হচ্ছে এবং তিনি এখন শুধু একটি দলের নেত্রী নন, বরং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মূল বৈশিষ্ট্য। তিনি বলেন, তার দেখানো পথ অনুসরণ করেই ভবিষ্যতে দল ও রাষ্ট্র পরিচালিত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ড্যাব সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।