খুলনায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তীব্র শীতের প্রভাবে অসহায়দের সুরক্ষা দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) খুলনা রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনীর “বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসার” মাঠে এ কম্বল বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি খুলনার শাখা ব্যবস্থাপক মোঃ মাসুম ফয়সাল, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার বৈদ্য পতিত পাবন, প্রিন্সিপাল অফিসার মোঃ তাহমিদুর রহমান, সাব্বির আহমেদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক গাজী ইমামুল হক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শৈত্যপ্রবাহে প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কম্বল হাতে পেয়ে স্থানীয় এতিমখানার শিশু এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেন।