সংবাদ শিরোনাম

কুয়েট শিক্ষার্থী রেজওয়ানুল হকের জানাজা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন   |   খুলনা

কুয়েট শিক্ষার্থী রেজওয়ানুল হকের জানাজা অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক (রোল নং–২১২৯০৫১)-এর জানাজা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় মোঃ রেজওয়ানুল হকের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোঃ রেজওয়ানুল হক ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে ওই দিন কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়।

জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুরো ক্যাম্পাসে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।