সংবাদ শিরোনাম

জীবননগরে সেনা অভিযানে বিএনপি নেতা নিহত ; এলাকায় উত্তেজনা

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন   |   খুলনা

জীবননগরে সেনা অভিযানে বিএনপি নেতা  নিহত ; এলাকায় উত্তেজনা

খুলনা ব্যুরো :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু (৫০) নিহত হয়েছেন। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর শহরে ঝটিকা অভিযান চালিয়ে ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করে। আটকের প্রায় দুই ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। নিহত ডাবলুর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তিনি সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে আতঙ্কের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তারা দাবি করেছেন, ডাবলুর ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল, তবে নির্যাতনের অভিযোগ তারা অস্বীকার করেছেন।

ডাবলুর মৃত্যুর পর শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা–জীবননগর সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।

বিজিএমইএর সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। তবে ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ সহ কয়েকজন পুলিশ সদস্য  উত্তেজিত জনতার হামলার শিকার হন।

স্থানীয় নেতারা ডাবলুর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, সেনাবাহিনী তা অস্বীকার করে স্ট্রোকজনিত মৃত্যুর কথা জানাচ্ছে।