কুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, খুলনা মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়। ভাইস-চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষা একটি বড় ও গুরুত্বপূর্ণ কার্যক্রম। পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং যানজট নিরসনে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।
ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সকাল ৯:৩০ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত, এবং বিআর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর পৌঁনে ১টা থেকে পৌঁনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।