সংবাদ শিরোনাম

খুলনার ভৈরব নদে চরমপন্থী দলের সদস্য ঘাউড়া রাজীবের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন   |   খুলনা

খুলনার ভৈরব নদে চরমপন্থী দলের সদস্য ঘাউড়া রাজীবের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

নিখোঁজের এক সপ্তাহ পর খুলনার ভৈরব নদ থেকে উদ্ধার হলো এক সময়ের চরমপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত রাজীব হোসেন ওরফে ঘাউড়া রাজীবের মরদেহ। মাথায় আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গত ৯ জানুয়ারি শুক্রবার খুলনার ৬ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদের দুটি লাইটার ভেসেলের মাঝখান থেকে রাজীবের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরদিন শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, নিহত রাজীবের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা ছিল। এর মধ্যে সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে এবং সাতটি মামলা বর্তমানে বিচারাধীন। তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল)-এর সক্রিয় সদস্য ছিলেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন জানান, এক বছর আগে তাদের বিয়ে হয়। সর্বশেষ তারা খুলনার দিঘলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। নিখোঁজ হওয়ার রাতে রাজীব ফোনে জানান তিনি বিকাশ থেকে টাকা তুলতে যাচ্ছেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।

তিনি দাবি করেন, সম্প্রতি রাজীব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে তার ভাষ্য অনুযায়ী, পূর্বের সংশ্লিষ্টরাই তাকে হত্যা করতে পারে।

রাজীবের প্রথম স্ত্রী লিয়া খাতুন বলেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। চার বছর আগে বিচ্ছেদ হলেও তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

খুলনা নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবার মামলা করলে তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানিয়েছেন,  নিহতের পরিবার থানায় এসেছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।