খুলনার রূপসায় গুলিতে যুবক নিহত
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল রাশেদ ওরফে পিকুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকার কদমতলা বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত পিকুল বাগমারা এলাকার বাসিন্দা এবং আব্দুল আওয়ালের ছেলে।রূপসা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পিকুলকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার বুকে দুটি ও মাথায় একটি গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।