আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা ৫ আসনের প্রার্থীকে মৌখিক সতর্কতা
খুলনা ব্যুরো :
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও প্রার্থী মিয়া গোলাম পরওয়ারকে মৌখিকভাবে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার।
শনিবার ১০ জানুয়ারি সকালে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনা করলে বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আসে। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে এ ধরনের প্রচারণা বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে প্রার্থী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন।
উক্ত কর্মসূচিতে গোলাম পরওয়ার বলেন, দখলদার ও চাঁদাবাজ শক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের সময় বিবেক দিয়ে বিচার করে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট দিতে হবে।
রিটার্নিং কর্মকর্তার সতর্কতার পর তিনি ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। এদিকে খুলনার ছয়টি আসনে অন্যান্য প্রার্থী ও গণমাধ্যম থেকে বিচ্ছিন্নভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।