শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম ; সমাজকল্যাণ সচিব
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
তিনি বলেন, সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি খেলাধুলা তরুণদের সুস্থ মানসিকতা গঠনে সহায়তা করে। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে সমাজকে মাদকের মহামারি থেকে মুক্ত করা সম্ভব।
শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরাধীন খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ সচিব আরও বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করছে, যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি ২৩ লাখ মানুষ উপকৃত হচ্ছে। প্রতিবছর আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণের আগ্রহ অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের শিশুদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা এখনও অপর্যাপ্ত। তবে এসব সুবিধার পরিধি বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু পড়াশোনা করলেই হবে না, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের চার দেয়ালের বাইরে নিয়ে আসতে পেরেছি—এটাই আমাদের বড় অর্জন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার ১৫টি শিশু পরিবারের শিশুরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে শিশু পরিবারের শিশুরা কুচকাওয়াজে অংশ নেয়।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনার মহেশ্বরপাশা ছোটমনি নিবাস পরিদর্শন করেন।