সংবাদ শিরোনাম

যশোরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে আটক ২

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন   |   খুলনা

যশোরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে আটক ২

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সরকারি মহিলা কলেজ ও ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করার অভিযোগে ইশতিয়াক আহমেদ নামে এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় নকলের কাজে ব্যবহৃত একটি বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়।

অন্যদিকে, যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি দেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে একজনকে আটক করা হয়েছে। তিনি জাহিদ হাসান নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান , সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অসদুপায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।