ইনকিলাব মঞ্চের পাশে খেলনা পিস্তলসহ যুবক আটক
প্রতিদিনের দেশ ডেস্ক :
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির পাশে থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই করে তার কাছে থাকা পিস্তলটি খেলনা বলে নিশ্চিত করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিক্ষোভ চলাকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শাহবাগ ইনকিলাব মঞ্চের পেছনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় কয়েকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তল্লাশির সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মো. আরাফাত জামান। তার বাড়ি রাজধানীর জিগাতলা এলাকায়। তাকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, উদ্ধার করা পিস্তলটি খেলনা হিসেবে চিহ্নিত হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।