বাগেরহাটে বালিকা বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
খুলনা ব্যুরো :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা ডাঃ সেখ বনি আমিন বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মিরাজুল ইসলাম রাজ। বিশেষ অতিথি ছিলেন কিশোর কুমার দাস। বক্তারা বলেন, বালিকা শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই জাতি গঠন সম্ভব নয় এবং মেয়েদের শিক্ষায় এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়রা আক্তার এবং গীতা পাঠ করেন যুথিকা দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা দে বলেন, শিক্ষার্থীদের সাফল্যই শিক্ষকদের সর্বোচ্চ প্রাপ্তি।
এসময় বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রথম স্থান অর্জনকারীরা হলেন— ষষ্ঠ শ্রেণীতে শ্রুতি দেবনাথ, সপ্তম শ্রেণীতে অন্তিম দেবনাথ, অষ্টম শ্রেণীতে পায়েল দাস, নবম শ্রেণীতে মোসাঃ সানজিদা খাতুন ও দশম শ্রেণীতে হুমায়রা আক্তার।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।