সংবাদ শিরোনাম

খুলনা সহ সারা দেশে বাড়ছে শীত, নতুন শৈত্যপ্রবাহের পূর্বাভাস

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন   |   খুলনা

খুলনা সহ সারা দেশে  বাড়ছে শীত, নতুন শৈত্যপ্রবাহের পূর্বাভাস

খুলনা ব্যুরো :

খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীত জেঁকে বসেছে। হিমেল হাওয়ার কারণে প্রতিদিনই তাপমাত্রা কমছে। এর মধ্যেই নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’ দেশের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে রাজশাহী ও খুলনা বিভাগে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরে শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক কম হতে পারে। উপকূলীয় অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে শীত থাকলেও সেখানে শৈত্যপ্রবাহ ততটা তীব্র নাও হতে পারে।

বিডব্লিউওটির তথ্যমতে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ীসহ আশপাশের এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব এলাকায় শৈত্যপ্রবাহ তুলনামূলক আগে শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।