গুলশান আইডিয়াল স্কুলের সামনে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
রাজধানীর গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ২৮ ডিসেম্বর গুলশান থানা পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক গতিবিধির কারণে তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। এ ঘটনায় গুলশান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস জানতে তদন্ত চলছে।